নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে ঠিক সেই সময়ে দেশের শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে এই রকম আরও ঘটনা ঘটতে পারে।’
রোববার সকালে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে বুদ্ধিজীবী হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই দিনে বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা জাতি মনে করবে, স্বাধীনতার চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।’
ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতা, ঢাকা মহানগর এবং অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত হয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।


