জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) ও হল সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এবং ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের এ কে এম রাকিবের মধ্যে প্রতিযোগিতা হয়।
এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে এগিয়ে আছেন রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সর্বমোট ৩৯ কেন্দ্রের মধ্যে প্রকাশিত ২৯ কেন্দ্রের তথ্যানুযায়ী, মো. রিয়াজুল ইসলাম ৩ হাজার ৭৩৯ ভোট পেয়ে ৩৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ৩৯৩ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ ৩ হাজার ৮৫৪ ভোট পেয়ে ২ হাজার ৩৭৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, নিকটতম প্রার্থী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৪৭৮ ভোট।
হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এজিএস পদেও, শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের বি এম আতিকুর তানজিল পেয়েছেন ২ হাজার ৮৪৪ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৪৯০টি।
এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সেমিনার, পরিবহন সম্পাদক এবং সাহিত্য–সংস্কৃতি সম্পাদক পদ তিনটিতে ছাত্রদল এগিয়ে আছে।

এ ছাড়া, নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট শেষে বিকেল ৪টার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।

তবে গণনার তথ্যের মধ্যে গড়মিল ধরা পড়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ রাখতে হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর গভীর রাতে আবার গণনা শুরু হয়। এরপর একেএকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষিত হতে থাকে।
দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও হয়। জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন।
এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান, নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। আর হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।


