রাজশাহী সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাঘা উপজেলার সীমান্তবর্তী রাওথা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায় অস্ত্র পাচারকারী।
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা নদীপথে অস্ত্রের একটি চালান আসার কথা জানতে পারে। পরে বিজিবির সীমান্তবর্তী বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেয়।
ভোরের দিকে রাওথা পিরোজপুর এলাকায় সন্দেহভাজন একজনকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে তার গতিরোধ করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের দুপাশ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, পদ্মা নদীতে সাতটি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী তিনটি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে।
এর আগে, গত ১৭ জানুয়ারি বিজিবির একটি দল কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে।


