আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আট দফার একটি ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
‘পাটোয়ারীর অঙ্গীকার, ঢাকা-০৮ হবে জনতার’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার দুপুরে ইশতেহারটি প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হলে সংসদে হাদি হত্যার বিচার নিয়ে সোচ্চার হওয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেওয়া হয়েছে। নাগরিকদের অভিযোগ জানানোর সুবিধার্থে ‘চাঁদাবাজ ডট কম’ নামে একটি অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে। পাশাপাশি সিসিটিভি নজরদারি বৃদ্ধি, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন এবং নারী ও শিশুদের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সচল হেল্পলাইন চালুর অঙ্গীকার করা হয়েছে।
স্বাস্থ্য খাতে সরকারি হাসপাতালগুলোকে সিন্ডিকেট ও দালালমুক্ত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাটোয়ারী। বেসরকারি ক্লিনিকগুলোর জন্য ন্যায্য ফি কাঠামো নির্ধারণ, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং মশা নিধনে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের কথাও বলা হয়েছে। প্রাণিকল্যাণে জলাতঙ্ক নির্মূল ও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
তরুণদের জন্য বৈষম্যহীন শিক্ষা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, র্যাগিং ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের অঙ্গীকারের পাশাপাশি পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। সেখানে ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতিও রয়েছে।
নাগরিক দুর্ভোগ লাঘবে যানজট নিরসনে স্কুল ও অফিসের পৃথক সময়সূচি নির্ধারণ এবং ভিআইপি প্রটোকল সংস্কৃতি বাতিলের কথা বলা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট নিরসনের পাশাপাশি হকারদের নিবন্ধন ও পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের অঙ্গীকারও করেছেন তিনি।
পাটোয়ারী বলেন, নির্বাচিত হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে ঢাকা-০৮ আসনকে প্রকৃত অর্থেই জনতার এলাকায় পরিণত করবেন।


