আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাতীয় সংসদে বুধবার হাম সংক্রমণ বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ৩ মে থেকে সারাদেশে একযোগে শিশুরা টিকা পাবে।
তবে সে তারিখ ১৫ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল করা হয়েছে বলে সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশে বর্তমানে দুই কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে এবং সরবরাহে কোনো সংকট নেই। মজুত স্থিতিশীল থাকার কারণে সারাদেশে ভ্যাক্সিন প্রদান কর্মসূচিত ১৫ দিন এগিয়ে আনা হয়েছে।’
সাখাওয়াত হোসেন জানান, দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের করোনাকালীন অব্যবহৃত ফান্ড ব্যবহার করে ইউনিসেফের সহযোগীতায় সরকার দ্রুত হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হলেও সরকার তা কাটিয়ে উঠছে। ইউনিসেফ থেকে এরইমধ্যে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।’
হাম নিয়ে আতঙ্ক না ছড়াতে মৃত্যুহার নিয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।


