দুর্নীতি দমন কমিশন (দুদক) সক্রিয়ভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘এই দুদক সক্রিয় নয় বলেই দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। কমিশনকে একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে দেখা হচ্ছে।‘
বুধবার দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে রিজভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সংবাদপত্রে এসেছে যে, অনেকেই জনগণের টাকা আত্মসাৎ করে নিউইয়র্ক, লন্ডন, দুবাই, কানাডার অটোয়া, এবং অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ি বানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি, আত্মীয়-স্বজন থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীদের ফ্ল্যাট, বাড়িসহ কারও কারও ৬০২ কোটি টাকার সম্পদ রয়েছে।‘
রিজভী বলেন, ‘এমনকি দুর্নীতি দমন কমিশনকে আদালত ২৪ হাজার ৮২৪ কোটি টাকা উদ্ধারের জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু কমিশন এখন পর্যন্ত পাচার হওয়া এই টাকাগুলো উদ্ধার করতে পারেনি। ফ্যাসিস্টদের কোনো দোসরকেও শাস্তি দেওয়া হয়নি। যারা ব্যাংকের টাকা পাচার করে পলাতক রয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না। দেশের জনগণ এই পরিস্থিতি আর দেখতে চায় না।‘
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে পটুয়াখালী জেলা বিএনপির নতুন আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্যসচিব হুমায়ুন হাসান শাহী, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার প্রমুখের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা রুহুল কবির রিজভীর সঙ্গে শেরে বাংলা নগরে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আবু সাঈদ খানসহ দুই জেলার নেতারা।
এর আগে, ২১ সেপ্টেম্বর বিএনপি পটুয়াখালী ও বরগুনা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।
বিএনপি নেতা রিজভী বলেন, ‘যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তখন এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণের ঘটনা ঘটেছে। তাহলে কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাবে? এটি জনগণ জানতে চায়।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা রয়েছে, কিন্তু সরকার দক্ষতা ও দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। যার কারণে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেত্মাতারা রাজপথে নামার সুযোগ পাচ্ছে।’
নিউইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের ওপর আওয়ামী লীগের হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘যদি অন্তর্বর্তী সরকার দক্ষতা প্রদর্শন করত, তাহলে বিদেশে, নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এ ধরনের কর্মকাণ্ড করতে সাহস পেত না।’
বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ফ্যাসিবাদরা যেন আর ফিরে না আসতে পারে। যারা মানুষ হত্যা করেছে, ছাত্র-শিশু হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, সেই আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই। বিগত দিনের যেন খোলস পাল্টিয়ে আত্মা প্রকাশ করতে না পারে, সেদিকে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’


