দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক

দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক
(বাম দিক থেকে) ইশরাক হোসেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। কোলাজ ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকার থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার সকালে ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান। তিনি বলেন, ‘গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, হয়তো আগামিতে সরাসরি যুক্ত হবেন। এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন। তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।’

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এবার নগর ভবনে টানা অবস্থানে সমর্থকরা। মঙ্গলবার তোলা ছবি: টাইমস

ইশরাক আরো বলেন, ‘আপনাদেরই নাহিদ ইসলাম (জাতীয় নাগরিক পার্টি-এনসিটি নেতা) যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রীত্ব (উপদেষ্টার পদ) করে তারপর এনসিপি’তে যেতে পারতেন । একটা সময় ছিল সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা (এনসিটি নেতা) জোরাল ভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব (উপদেষ্টার পদ) নিতে পারতেন। কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবার পাবেন।’

সম্প্রতি আদলাত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করে রায় দিয়েছে। কিন্তু আইনি জটিলতায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান বিলম্বিত হওয়ায় এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ইশরাক সমর্থকদের মধ্যে। অন্তত ছয়দিন ধরে টানা নগর ভবনের সামনে মঞ্চ করে সমাবেশ করছেন তারা। এতে গ্রাহক সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

এ অবস্থায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এ আন্দোলনকে ‘গায়ের জোরে নগরভবন দখলের চেষ্টা’ বলে তীব্র সমালোচনা করে।

আরও পড়ুন

এ আবহে ইশরাক হোসেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা, বর্তমান দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন।

ইশরাক ফেসবুক পোস্টে আরো লেখেন, ‘আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজই বৃদ্ধি পাবে। এখনও মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ ও জনগণকে আপনারা আরও ভাল কিছু দিতে পারবেন।’

‘আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে, এটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নাই। কারোরই থাকেনা। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই,’ যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘এখন নিশ্চয়ই বলবেন বা ভাববেন ক্ষমতার লোভে অবৈধ মেয়র হওয়ার জন্যে দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি তৈরি করে নিজেকে সাধু বানিয়ে আমাদের নীতিবাক্য শোনাচ্ছেন তাই না ? আমি নিজেও কি কম সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে? কিন্তু আমার আর কোনও উপায় ছিল না। আপনাদেরকে যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে সেটা জনগণকে বোঝানো দেশের জন্যে প্রয়োজন ছিল। এবং আজ অবধি আমাকে বাঁধা দেওয়ার কাজটি যৌথ সিদ্ধান্তে হচ্ছে এটা মিনিমাম রাজনৈতিক বোধ সম্পন্ন মানুষ বোঝে। কিন্তু আমি বলবো এটা ছিলো ওনাদের ভুল পলিসি, ব্যবহার হলেন আপনি আসিফ ভূঁইয়া। আইন আদালত মেনে নিতে না পারলে কোথা থেকে দেশ সংস্কার শুরু হবে? তারপর যত ইচ্ছা সমালোচনা করতেন, দেখতেন আসলে কি করি। এখন পূর্ণাঙ্গ প্রক্রিয়া আমাকে সম্পন্ন করতেই হবে।’

‘বন্দোবস্ত তো আগেরটাই অনুসরণ হচ্ছে । আরও পাকাপোক্ত করা হচ্ছে বললেও ভুল হবে না। আপনাদের পদত্যাগের দাবী থেকে সরার কোনো সুযোগ নাই । আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?’, প্রশ্ন রাখেন ইশরাক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad