ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দু’দিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি আগামী ১৯ নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন।
বাংলাদেশের পরিবর্তনশীল ও অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের সরাসরি আলোচনায় আগ্রহ রয়েছে। ফলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
খলিলুর রহমান আগামী ১৯–২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম উপদেষ্টা-স্তরের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সেখানে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন তিনি।
আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার বিভিন্ন আঞ্চলিক সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। চলতি বছরের এপ্রিলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সার্ককে পুনরায় সক্রিয় করতে কাজ করে যাচ্ছেন।
এর আগে খলিলুর রহমান চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না–ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
২০২৪ সালের আগস্টে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।


