বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে।
তিনি বলেন, ‘আপনারা সরকার গঠন করেছেন। এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লীর কথায় দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না।’
সোমবার বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপনির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতসহ ১১ দল মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারী শক্তি সদস্য সচিব ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল মাহমুদা আলম মিতু এবং বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সরকার।
গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়ে হাসপাতালে শুয়ে আছেন, এই মানুষগুলো একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ চেয়েছিলেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন তারা।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে বলেছিলেন। জনগণ ভোট দিয়ে ‘হ্যাঁ’ বিজয়ী করার পর এখন তিনি তা অস্বীকার করছেন।
অন্তর্বর্তী সরকারের গণভোট আদেশ বাতিল করে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করছেন। যেই ৫ কোটি ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তাদের সঙ্গে প্রতারণা জাতি ভুলবে না, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে অতীতে কেউ সুবিধা করতে পারেনি। শেখ হাসিনা যেমন মানুষের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, সেভাবে বিএনপিও সব সরকারি প্রতিষ্ঠানে নিজেদের খবরদারি প্রতিষ্ঠার জন্য গণভোট, গুম কমিশন সংস্কারসহ জুলাই সনদের গুরুত্বপূর্ণ আদেশগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে।’
‘জামায়াতে ইসলামীর বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে সরকারের এসব গণবিরোধী উদ্যোগের প্রতিবাদ করছে, একই সঙ্গে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে,’ তিনি যোগ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি আসম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, এনসিপির জেলা সভাপতি এস এ মাহমুদ, জামায়াত নেতা রফিকুল আলম, আল-আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, ইকবাল হোসেন, হেদাইতুল ইসলাম প্রমুখ।


