দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে আলাদা অভিযানে কষ্টিপাথর ও শ্বেত পাথরের তিনটি মূর্তিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, একটি সংঘবদ্ধ চক্র দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারের চেষ্টা করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে শুক্রবার রাত ২টা থেকে শনিবার সকাল পর্যন্ত দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁও সদর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অভিযানে ৯ দশমিক ৫৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং ৪৫ দশমিক ৩৭ কেজি ওজনের একটি শ্বেত পাথরের শিব মূর্তিসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার গৌরীপুর গ্রামের সুমন চন্দ্র দেব (৩০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মো আব্দুল হাই (৬৫)।
পরে দিনাজপুরের বীরগঞ্জ সীমান্ত এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩ দশমিক ৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত।
উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা হলেও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এগুলোর প্রকৃত মূল্য অপরিমেয়। জব্দ করা মূর্তিসহ আটক ব্যক্তিদের দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।


