গত ৪ সেপ্টেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। বাবার প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা একটি গান কণ্ঠে তুলেছেন মেয়ে, সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটি গত ৪ সেপ্টেম্বর দিঠির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান।
অপু আমানের ভাষ্য, গাজী মাজহারুল আনোয়ারের লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে ‘ঘড়ির কাঁটা’ অন্যতম সেরা। গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আমাকে নিয়ে আব্বুর লেখা “দিঠির খাতা”-র আরও একটি গান “ঘড়ির কাঁটা”। আব্বু যখন বেঁচে ছিলেন, তখনই এই গানে ভয়েজ দিয়েছিলাম। ভিডিওটি কয়েক দিন আগে করা হয়েছে। গানটি আমার কাছে ভীষণ প্রিয়। মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান।’
তিনি আরও বলেন, ‘আব্বুর গানের সহজ-সরল ভাষা, সুন্দর শব্দচয়ন এবং সাধারণ কথার মধ্য দিয়ে চমৎকার বার্তা দেওয়ার ক্ষমতা ছিল। যে কারণে তার গান খুব সহজেই মানুষকে আকৃষ্ট করত এবং সবার কাছে পৌঁছে যেত। এই গানটিও ঠিক তেমনই একটি গান। আশা করছি, সবার ভালো লাগবে। আর অপু খুব সুন্দর সুর করে। তার সংগীতায়োজনও মুগ্ধ করে। আমাদের এই প্রজন্মের শিল্পীদের মধ্যে অপু অন্যতম মেধাবী একজন। তাকে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও কাজে লাগানো উচিত বলে আমি মনে করি।’
অপু আমান বলেন, ‘আমার কাছে গাজী মাজহারুল আনোয়ার একটি বিস্ময়। তিনি যদি আমাকে সন্তানের মতো বুকে তুলে না নিতেন, তাহলে হয়তো বাংলা গানের যে নিজস্ব আবেগ ও অনুভূতি, তার অনেকটাই আমার জীবনে অপূর্ণ থেকে যেত। আমি তার কাছে চিরঋণী। তিনি যেখানেই আছেন, আমার বিশ্বাস অনেক শান্তিতে আছেন। সৃষ্টিকর্তা যেন তাকে এভাবেই শান্তিতে রাখেন।’
দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে এর আগে তার বাবার লেখা ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘মধুর ক্যান্টিন’ গানগুলো প্রকাশিত হয়েছে।
এদিকে গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি আমাদের কাঁদিয়ে চলে গেলেন গাজী ভাই। আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করুন। ওপারে খুব ভালো থাকবেন।’


