ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অঞ্চল–৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এই পরিপ্রেক্ষিতে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণ ও সংস্কারকাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি লক্ষ্য করেন। এ ঘটনায় তিনি ও স্থানীয় বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেন।


