চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষে নিহত শহিদুল ইসলাম ঢালী (৫০) মুক্তারপুর গ্রামের বাসিন্দা। বুধবার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার সকালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার মুক্তারপুর মাছপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শহিদুল ইসলাম ও তার চাচাতো ভাই বারিক ঢালীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শহিদুল, শেফালী, আরবী ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শহিদুলের অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের বারিক ঢালী (৪২) ও জাহিদুল ইসলাম ঢালীকে (২৯) আটক করে পুলিশ।
নিহতের ভাই শাহিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সুপরিকল্পিতভাবে তার ভাই শহিদুলকে হত্যা করা হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন জানান, এ ব্যাপারে নিহতের ভাই শাহীন বাদী হয়ে থানায় মামলার দায়ের করেছেন। হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


