বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
পুলিশ তাদেরকে সড়ক থেকে সরাতে এলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্জে করে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
মহাসড়ক অবরোধ করায় বন্ধ হয়ে পড়ে যান চলাচল। এতে দুই পাশে আটকে পড়ে অনেক গাড়ি। যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
আন্দোলনরত শ্রমিক ও পুলিশ জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকার আলিফ ইন্ডাস্ট্রিজ লি: কারখানার শ্রমিকরা সকাল সোয়া আটটা থেকে প্রায় আধা ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, গত ২৮ আগস্ট কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে সোমবার কারখানা খোলার কথা ছিল। কারখানা খোলার পরই এই ঘটনা ঘটে।


