কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে পুরো উৎসবের আমেজ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে এরই মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন শিক্ষার্থীরা। এর আগে রোববার আনন্দমুখর পরিবেশে প্রচারণা শেষ করেন ঘোষিত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ক্যাম্পাসের আটটি কেন্দ্রে।
নির্বাচন স্বচ্ছ করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস, পানির বোতল বা তরল কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
জসীম উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে রোববার প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার ভোটের দিন সকাল সাড়ে ৭টার দিকে খালি ব্যালট বাক্স সংবাদকর্মীদের সামনে সিলগালা করা হবে। এ সময় কেন্দ্রগুলোতে সংবাদকর্মীদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান তিনি।

এবারের ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।
মোট ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ক্যাম্পাসে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। নির্বাচনের আগেরদিন সোমবার ও নির্বাচনের দিন মঙ্গলবার মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। তবে, শিক্ষার্থী ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখা হবে। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত চলবে শাটল সার্ভিস।
রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস ভূতত্ত্ব বিভাগ থেকে শুরু হয়ে কার্জন হল, শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন ও শারীরিক শিক্ষা কেন্দ্র ঘুরে আবার ভূতত্ত্ব বিভাগে ফিরবে।


