দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় ‘সল প্লাকি ইউনিভার্সিটি’র গ্র্যাজুয়েশন অনুষ্ঠান তথা সমাবর্তনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ফরিদ আহমদ সোবহানী।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার ‘ডায়মন্ড সিটি’ খ্যাত কিম্বারলিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য থেবে ইকালাফেং, উপাচার্য ডেবরা মিয়ার এবং দেশি-বিদেশি বিভিন্ন আমন্ত্রিত অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় আয়োজিত এই সমাবর্তনে এ বছর বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া।
ফরিদ আহমদ তার বক্তৃতায় এমন বিরল সম্মান ও আমন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে নিজ পরিবার, বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
তিনি শিক্ষার্থীদের নোবেল বিজয়ী বিশ্বনেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আদর্শে অনুপ্রাণিত হওয়ার পরামর্শ দেন এবং ১৯৯৭ সালে ম্যান্ডেলার ঐতিহাসিক বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সত্য অনুসন্ধান, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার জন্য তিনি গ্র্যাজুয়েটদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দক্ষিণ আফ্রিকার কোনো স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত বক্তা হিসেবে বাংলাদেশের কোনো উপাচার্যের অংশগ্রহণ ইস্টার্ন ইউনিভার্সিটির পাশাপাশি সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন ও গৌরবের বিষয়।
দেশের উচ্চশিক্ষা অঙ্গনে এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত বিরল, যা বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।


