থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি ও পেশাগত নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবার-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বোয়েসেল পরিদর্শন করেছে।
বুধবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কার্যালয়ে ৮ সদস্যের এই প্রতিনিধিদলের সঙ্গে বোয়েসেল কর্তৃপক্ষের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে থাইল্যান্ডের সিনেট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমিটির চেয়ারম্যান নিরুত্তি সুত্তিনন। অন্যদিকে, বোয়েসেলের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
দ্বিপাক্ষিক এই আলোচনায় বোয়েসেলের পক্ষ থেকে বিভিন্ন দেশে স্বচ্ছ, সুশৃঙ্খল, নৈতিক ও স্বল্প ব্যয়ে কর্মী পাঠানোর বিদ্যমান সফল মডেলটি থাই প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়।
বোয়েসেলের এই অভিবাসন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করে থাই সিনেট প্রতিনিধিদল নীতিগত ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।
বৈঠকে বিশেষ করে থাইল্যান্ডের নির্মাণ, কৃষি এবং পর্যটন ও হসপিটালিটি খাতে বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ তৈরির আহ্বান জানায় বোয়েসেল।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক নিশ্চিত করেন, থাই শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী পাঠানোর আগে তাদের উপযুক্ত কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় ওরিয়েন্টেশন প্রদান করা হবে।
এর ফলে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মপরিবেশে দ্রুত খাপ খাইয়ে নেওয়া এবং নিরাপদ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
সভা শেষে উভয় পক্ষই বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শ্রমবাজারভিত্তিক পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।


