রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ২টার দিকে তেজগাঁওয়ের সাওদান গ্রুপ কোম্পানির সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।
পথচারীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত ইমনের বোনের স্বামী মো. সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাদের বাড়ি মুগদা মান্ডা মধ্যপাড়ায়। তার বাবার নাম মৃত হযরত আলী।
তিনি বলেন, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে নিয়ে বের হন। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার খবর পান। পরে হাসপাতালে এসে ইমনের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পথচারীরা দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।


