জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের ওপর শুনানি হবে মঙ্গলবার।
আপিল বিভাগের দিনের কার্যতালিকায় আবেদনটি দেখা গেছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির জন্য এ দিন ধার্য করেছিলেন। সেদিন চেম্বার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সেই অনুযায়ী মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর প্রসিকিউশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করে। তাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা ও কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই অভিযোগেও তাদের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়।
আপিলে সাজা বাড়াতে প্রসিকিউশন আটটি গ্রাউন্ড উল্লেখ করে।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। অন্য অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিয়ে বিচারে সহায়তা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতে বিচার চলছে।


