তুরস্কের কাছে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে আগামী ৩০ দিনের মধ্যে উগান্ডায় নিযুক্ত তুর্কি দূতাবাস বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি।
মুহুজি কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইউরি মুসেভেনির ছেলে এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি তুরস্কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই বিতর্কিত দাবিগুলো জানান।
কাইনেরুগাবার দাবি, সোমালিয়া অঞ্চলের নিরাপত্তা রক্ষায় উগান্ডা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তুরস্ক তার কোনো স্বীকৃতি দিচ্ছে না।
তিনি অভিযোগ করেন, উগান্ডা প্রায় দুই দশক ধরে সোমালিয়ার আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে সেখানে নিরাপত্তা নিশ্চিত করেছে। অথচ তুরস্ক সেই নিরাপত্তার সুযোগ নিয়ে মোগাদিশুর বন্দর, বিমানবন্দর ও বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে বড় অঙ্কের মুনাফা অর্জন করছে।
এই কাজের জন্য তুরস্কের কাছ থেকে উগান্ডার ১০০ কোটি ডলার ‘নিরাপত্তা লভ্যাংশ’ পাওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি লিখেছেন, ‘তুরস্কের জন্য এটি খুবই সাধারণ একটি চুক্তি। তারা আমাদের অর্থ দেবে, নতুবা আমি তাদের দূতাবাস বন্ধ করে দেব।’
আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি কাইনেরুগাবা তুরস্কের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে পাওয়ার দাবি তুলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তবে বিচিত্র সব দাবি করার ক্ষেত্রে তার এটি প্রথম ঘটনা নয়।
এর আগে, ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। বিনিময়ে উপহার হিসেবে ১০০টি রাজকীয় আঙ্কোল জাতের গরু দেওয়ার কথা বলেছিলেন তিনি।


