রাঙামাটির বরকল উপজেলায় গৃহবধু আয়েশা বেগম (৪৯) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-সোহাগ (১৭) এবং ওমর আলী (১৯)। সন্দেহভাজন এই দুই আসামিই নিহত আয়েশা বেগমের আপন ভাতিজা।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।
তিনি জানান, বুধবার সকালে সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকার নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পলেথিনে মোড়ানো অবস্থায় এক লাখ ছয় হাজার টাকা ও মাটির নিচে ফুটে লুকিয়ে রাখা অবস্থায় ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এই অর্থ আয়েশা বেগমের বাড়ি থেকে লুট করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ সূত্র জানায়, গত ২১ জুন রাতে আয়েশা বেগম নিহত হওয়ার পর থেকেই পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। আয়েশা বেগম বরকলের সুবলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুরের রফিজুল হকের স্ত্রী ছিলেন।
তিনি নিহত হওয়ার দিন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করে পুলিশ। পরেরদিন আয়েশা বেগমের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় মামলা করেন।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, ‘তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের তদন্তের সমন্বয়ে প্রথমে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে লুন্ঠিত টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।’


