দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত বস্ত্রশিল্পের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে জাতীয় বস্ত্র দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি সেমিনার অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা জার্নালের চতুর্থ ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ উপাচার্য মো. মিজানুর রহমান। শিল্প খাতের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন নিট কনসার্ন লিমিটেড চিফ টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান এবং ফকির ফ্যাশন লিমিটেড জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোস্তাফিজুর রহমান। এ সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান জি এম ফয়সালসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেমিনারের আগে অতিথিরা শিক্ষার্থীদের আটটি চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং টেক্সটাইল খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
সেমিনারে বক্তারা পোশাক রপ্তানিতে লিড টাইম কমানো, উন্নত ল্যাব স্থাপন এবং রিসাইকেল ওয়াটার ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ উপ-উপাচার্য সর্দার মাহমুদ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোস্তফা শহীদ।


