মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামির ফুটবলাররা। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের উদ্যাপন উপলক্ষে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয় দলটিকে। সেখানে মেসির প্রশংসা করে ট্রাম্প বলেন, তুমি হয়তো পেলের চেয়েও ভালো।
মেজর লিগ সকারে ঐতিহাসিক শিরোপা জয়ের পর ইন্টার মায়ামির ফুটবলারদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে লিওনেল মেসি ও তার সতীর্থরা গতকাল হোয়াইট হাউসে দেখা করেন ট্রাম্পের সঙ্গে।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি। স্মরণীয় সেই সাফল্য উদ্যাপন করতেই ক্লাবটির তারকাদের এই সফরের আয়োজন করা হয়। ক্লাবটির সহমালিক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম।
ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে আগামীকালের ম্যাচের আগে হোয়াইট হাউস সফর করেন মেসি ও তার সতীর্থরা। অনুষ্ঠানে মেসিসহ ইন্টার মায়ামির ফুটবলাররা মঞ্চে দাঁড়িয়েছিলেন। সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প তাদের সাফল্যের প্রশংসা করেন।
‘আমার বোধহয় এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।’
অনুষ্ঠানে মেসিকে ঘিরে নিজের ছেলে ব্যারন ট্রাম্পের একটি ঘটনার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার ছেলে ব্যারন জিজ্ঞেস করেছিল, ‘বাবা, আজ এখানে কে আসছে জানো?’ আমি না জানালে ব্যারন বলে, ‘মেসি।’
ট্রাম্প জানান, তার ছেলে মেসির বড় ভক্ত এবং তাকে দারুণ একজন মানুষ মনে করে। একই সঙ্গে তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কথাও উল্লেখ করে বলেন, রোনালদোও অসাধারণ খেলোয়াড়।
মেসিকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, লিওনেল মেসি তার অবিশ্বাস্য ক্যারিয়ারে ৪৭তম ট্রফি জিতেছেন, যা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। তিনি বলেন, মেসি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে খেলতে পারতেন, কিন্তু তিনি ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন।
এ সময় কিংবদন্তি ফুটবলার পেলের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। মেসির উদ্দেশে তিনি বলেন, ‘আমার বোধহয় এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।’
অনুষ্ঠানে ইন্টার মায়ামির অন্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে ও রদ্রিগো দি পল। এ ছাড়া উপস্থিত ছিলেন মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্স প্রধান অ্যান্ড্র গিলিয়ানি, অবসরপ্রাপ্ত বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ এবং ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার কয়েকজন সদস্য।
২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প তাকে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন।


