ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৩১ প্রার্থীর আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে।
বুধবার ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য জানিয়েছেন। ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে ইসিতে আপিল আবেদন পড়েছে ১৩১ জন। এর মধ্যে তিন মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদন করেছে।
তৃতীয় দিনে ঢাকা অঞ্চলে ৩১টি, কুমিল্লা অঞ্চলে ১৯টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, খুলনা অঞ্চলে ১১টি, রাজশাহী অঞ্চলে ১৫টি, রংপুর অঞ্চলে ৯টি, ফরিদপুর অঞ্চলে ৭টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৯টি ও সিলেট অঞ্চলে ৪টি আবেদন জমা পড়েছে।
এর আগে, দ্বিতীয় দিনে ১২২টি এবং প্রথম দিন ৪২ জন প্রার্থী ইসিতে আপিল করেন।
তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।


