চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রুল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ৯ জুলাই রায় ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করে।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম এবং এ এম মাহবুব উদ্দিন খোকন। জামায়াত প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। এর ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান।
কিন্তু আদেশে বলা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ করা হবে না। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। ১৬ জুন সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে জারি হওয়া রুল হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল, গেজেট প্রকাশ ও শপথ স্থগিত থাকবে।


