খুলনা মহানগরীতে একদিনে আলাদা দুই ঘটনায় চারজনকে হত্যা করা হয়েছে। লবণচরা থানার দরবেশ গলিতে একই পরিবারের তিনজন এবং সোনাডাঙ্গা থানার করিমনগরে আরও একজন দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন।
লবণচরা থানার ৩১ নম্বর ওয়ার্ডের দরবেশ গলিতে নানি ও দুই নাতি-নাতনিকে নিজ বাড়িতে হত্যা করা হয়। নিহত নানির নাম মহিতুন্নেছা। দুই নাতি-নাতনি হলো মুস্তাকিম ও ফাতিহা।
রোববার কোনো একসময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহত দুই শিশুর মা খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে এবং বাবা খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চাকরি করেন।
অন্যদিকে, সোনাডাঙ্গা থানার করিমনগরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এদিন সন্ধ্যার পর ছয়জন মোটরসাইকেলে করে এসে প্রথমে গুলি করে পরে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত আলাউদ্দিন মাদককারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে পুলিশ তদন্তের আগে কোনো বিষয় নিশ্চিত করতে পারেনি।


