মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার প্যানেল মেয়র মো. আরশেদ আলী বিশ্বাস ও রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অবিমন্যু বিশ্বাস অভিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পুলিশের আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন।
এ ছাড়া কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন–আমিনুল হক ফয়সাল এবং মো. বেলাল হোসেন তুহিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে আসামিদের হাজতখানায় উপস্থিত করে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান।
অপরদিকে, আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, ১৮ মে বিকালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মালিবাগ রেলগেট থেকে মৌচাক পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।


