তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একজন নেতা তার কর্ম ও দৃঢ়তার মাধ্যমে সময়ের সঙ্গে জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হন।
তিনি বলেন, ‘অবিসংবাদিত’ শব্দটি চিরকালীন নয়; এটি অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। তার মানবিক মূল্যবোধ দিয়ে তিনি এই অবস্থান রক্ষা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’
তারিক চয়ন সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’-এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংকলনটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ইউসুফ হায়দার চৌধুরী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, একজন রক্ত-মাংসের মানুষের পক্ষে এত প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা সম্ভব হয়েছে তার ব্যক্তিগত মানবিক গুণাবলির কারণে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান পারিবারিক মূল্যবোধ থেকে মানবিক গুণাবলি অর্জন করেছেন।
বইটিতে উনিশজন শিক্ষক, লেখক, চিন্তক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা তারেক রহমানের রাজনৈতিক জীবন, দর্শন, দৃষ্টিভঙ্গি, আদর্শ, কর্ম, স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ লিখেছেন। সংকলনটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক।


