ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
তিনি বলেন, ফৌজদারি বিচারকাজের কারণে তার শাসনকাজ ব্যাহত হচ্ছে। ক্ষমা মঞ্জুর করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে।
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে এসেছেন।
তার আইনজীবীরা প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো এক চিঠিতে বলেন, প্রধানমন্ত্রী এখনো বিশ্বাস করেন আইনি প্রক্রিয়ার ফল হবে বেকসুর খালাস।
নিজ দল লিকুদ পার্টির প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমার আইনজীবীরা দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমার অনুরোধ পাঠিয়েছেন। আশা করি দেশের মঙ্গল কামনা করেন এমন যে কেউ এ উদ্যোগকে সমর্থন করবেন।’
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালায় রোববার নেতানিয়াহুর এই অনুরোধ পাওয়ার কথা জানিয়ে আইনজীবীদের পাঠানো চিঠি প্রকাশ করে।
এর আগে, এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে চিঠি লেখেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে এই মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায় বিচারকার্য’ বলে যুক্তি দেখিয়েছিলেন তিনি।


