সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়েছে।
রবিবার বিকাল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।
স্পিকার বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।
এবারের অধিবেশনের শুরুর দিনেও সাউন্ড সিস্টেমে ব্যাপক সমস্যা দেখা দেয়। যার ফলে দীর্ঘ সময় সংসদের অধিবেশন বন্ধ রাখা হয়। পরে বিকল্প সাউন্ড সিস্টেমে সংসদের অধিবেশন চালিয়ে নেওয়া হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চট্টগ্রামের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাজাহান চৌধুরী। কিন্তু এখনো সাউন্ড সিস্টেমে সমস্যা রয়ে গেছে।
এদিকে সংসদের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে সমস্যার বিষয়টি নাশকতা কি-না তা তদন্তের জন্য সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


