তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন কৃষি বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।
তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে তারেক রহমানের নেতৃত্বে নতুন কৃষি বিপ্লব ঘটবে। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিও পুনরায় হাতে নেওয়া হবে।’
শনিবার বিকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে কৃষকদের কথা শোনা এবং তাদের অবহিত করার পাশাপাশি কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও কৃষকদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে ‘কৃষি কথা’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশের শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরের সভাপতিত্বে, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াজেদ আলী খাঁন চাষী।

মুখ্য আলোচক কায়সার কামাল বলেন, ‘কৃষকদের সমস্যা জানা এবং তাদের উন্নতির পথ দেখানোর উদ্দেশ্যে এই কৃষক সমাবেশ আয়োজন করা হয়েছে। উন্নত কৃষি ব্যবস্থাপনা, অধিক ফলন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই।’
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো কৃষকের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে কৃষি বিষয়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শফিউল্ল্যা মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ খায়রুল হাসান এবং অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দীন ফিরোজ, সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আপ্তাব উদ্দীন চৌধুরী, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, সভাপতি মো. জহিরুল আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হারেজ গনি তালুকদার প্রমুখ।


