মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামে সড়কের ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেহেনা মৃত হানিফ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানিয়েছে, রেহেনার স্বামী কিটিং চর গ্রামের কামাল হোসেনের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় ১৪ বছর ধরে তিনি ভাকুম গ্রামে তার মামা আবু সাইদের বাড়িতে থাকছিলেন। তার রায়হান নামে ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
সিংগাইর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, স্থানীয়রা আবু সাইদের বাড়ির অদূরে রাস্তার ঢালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।


