আসন্ন নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার জন্য আগ্রহী করে তোলার প্রচারে নেমেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিভিন্ন বাড়ি ও দোকানে তিনি লিফলেট বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক স্থানীয়দের প্রতি নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনগণের মধ্যে গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসক নিজেই এ গণসংযোগে অংশ নেন। তার এই প্রচারের কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
গণসংযোগ শেষে চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ আসনের নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন এই দুই আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এতে অন্যদের মধ্যে অংশ নেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সেনাবাহিনীর ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুন নবী ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।


