বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকেও।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগামী ২৫ ডিসেম্বর রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারেক রহমানের দেশে ফেরা নিরাপদ করতে ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।’
আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পুরোপুরি সতর্ক এবং সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
একইভাবে নিরাপত্তার কথা নিশ্চিত করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তিনি বলেন, ‘তারেক রহমানের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সুরক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোশাকে ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদা পোশাকে মোতায়েন থাকবে। বিএনপির পক্ষ থেকে তাকে ব্যক্তিগত (প্রাইভেট) নিরাপত্তা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
জানা গেছে, তারেক রহমানের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে ফেরার পর তিনি পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তায় যাতায়াত করবেন। এ ছাড়া তার বাসভবন ও অফিসেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সাদা পোশাকে গোয়েন্দারা তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
ডিএমপি জানায়, তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া নিরাপত্তায় মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরা। এদিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে যে বড় ধরনের জনসমাগম হবে, তা শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিএনপি জানায়, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরের নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতারা জানান, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে।’


