ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর আইরিন আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
আইরিন আক্তার উপজেলা সদরের গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ২৪ এপ্রিল রাত আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আইরিন নিখোঁজ ছিল। এরপর তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। এরপর আইরিনের বাবা বাকা মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার সকালে গেরদা ইউনিয়নের কাফুরা এলাকায় রেল লাইনের আশেপাশে দুর্গন্ধ ছড়ালে, স্থানীয়রা লাইনের পাশের কলাবাগানে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।


