দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেওয়াকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে জুলাই অভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতিরও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।
মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার আমলে ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমতাবস্থায় তিনি শপথ ভঙ্গ করেছেন।
তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে ওই আইনি নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।
রাষ্ট্রপতির বিরুদ্ধে রিট হতে পারে কিনা, এমন প্রশ্নে তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সাহাবুদ্দিন দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন, এখানে ব্যক্তি সাহাবুদ্দিনকে বিবাদী করা হয়েছে।’


