ভোট ছিনতাইয়ের ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনো চলছে। কেউ কেউ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি আগে চায়, কিন্তু দেশের জনগণ আগে জাতীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মাসুদ অরুন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্ক ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ অরুন বলেন, ‘জনগণের ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ধানের শীষকে বিজয়ী করতে ভোটের আগের দিন পর্যন্ত লড়াই চলবে। জনগণের ভালোবাসা থেকেই আমাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। পেছন থেকে কেউ ছুরি মারলে, তা বরদাশত করা হবে না।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
সমাবেশে সদর থানা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেসা নয়নসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।


