বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সুবাতাস বইছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আর সেই স্বপ্নের মূল কেন্দ্রে রয়েছেন তারেক রহমান।
শুক্রবার ঢাকা শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দলটির মহাসচিব।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সুবাতাস বইতে শুরু করেছে।’
‘জনগণের কল্যাণে তারেক রহমান যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এসেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন’ বলেও জানান মির্জা ফখরুল।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তী সময়ে খালেদা জিয়া কঠোর সংগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। আর বর্তমানে তারেক রহমানের হাত ধরে সেই গণতন্ত্র পূর্ণরূপে প্রস্ফুটিত হবে।
‘নির্বাচনকেন্দ্রিক যে জটিলতা বা ধোঁয়াশা জনমনে তৈরি হয়েছিল তা তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে এরই মধ্যে কেটে গেছে। তারেক রহমানের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে স্পষ্টতা নিয়ে এসেছে। মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী’ বলেও মনে করেন তিনি।


