ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদি চত্বর’ করার দাবি জানিয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আজ থেকে এই শাহবাগের নাম শহিদ ওসমান হাদি চত্বর। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।
এরপর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। পরদিন ২০ ডিসেম্বর মরদেহের সুরতহাল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে হাদিকে সমাহিত করা হয়।


