মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে তরুণদের দূরে রাখতে পড়াশোনাকে আনন্দময় করে তোলা এবং খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, ‘তরুণদের যদি ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা যায়, তাহলে মোবাইল আসক্তি স্বাভাবিকভাবেই কমে আসবে।’
শনিবার ময়মনসিংহে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘মাদকাসক্তি ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে বইমেলার গুরুত্ব’ শীর্ষক এই সেমিনারটি ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ উপলক্ষে আয়োজন করা হয়।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুদের যদি ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে তাদের মধ্যে খারাপ বিষয়ের প্রতি আসক্তি তৈরি হয় না।
এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে।
একই সঙ্গে পড়াশোনাকে চাপের পরিবর্তে আনন্দের জায়গায় পরিণত করতে হবে, যাতে শিক্ষার্থীরা স্বেচ্ছায় শেখার প্রতি আকৃষ্ট হয়।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এবং আনন্দমোহন কলেজের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় সরকারের উপপরিচালক বিপিনচন্দ্র বিশ্বাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে একই দিনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২৫-এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।


