ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।
আগামী ২৮ মার্চ সকাল থেকে আবারো শুরু হবে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। তবে, আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের পুলিশের ওসি রাশেদুজ্জামান।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদে সরকারি ছুটির কারণে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত সাময়িকভাবে স্থগিত থাকবে।


