সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) তারিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, ডিএনএ নমুনা যাচাইয়ের জন্য যে তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল, হাফিজুর রহমান তাদের মধ্যে অন্যতম।
তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বর্তমানে ডিএনএ ক্রস-ম্যাচিং প্রক্রিয়া চলমান রয়েছে।
আদালত পরিদর্শক মামুনুর রশিদ জানান, পিবিআই সাবেক এই সিনিয়র ওয়ারেন্ট অফিসারকে আদালতে উপস্থাপন করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে এই মামলায় অন্য কোনো আসামিকে গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার কুমিল্লার একটি আদালত হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ২০১৬ সালের আলোচিত তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পিবিআই বর্তমানে মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।


