তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ ভূমিকা বিএনপি দাবি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা নিশ্চিত করেন, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই; তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য-বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে গেলে এই সংশয় কেটে যাবে বলে আশাবাদী তিনি।
তিনি আরও বলেন, জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখভাল করবেন।
আলাপকালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাবজেলে রাখার বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।
এ সময় নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


