আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব।
সম্প্রতি আয়োজিত উৎসবে প্রবাসীদের আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করতে যোগ দেন প্রখ্যাত সংগীতশিল্পী শুভ্র দেব ও বিদেশিরাও।
বাংলার মাঠে–প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে ঘরে ঘরে পিঠা–পুলির উৎসব। আর সেই উৎসবের সঙ্গে তাল মিলিয়ে কর্মময় জীবনের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও মেতে ওঠেন পিঠা উৎসবে। বাঙালি জীবনে সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন।
নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করেন চিতই পিঠা, পাটিসাপ্টা, পুলি পিঠা, গুরা পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয়হরণ পিঠাসহ নানা ধরনের পিঠা।
প্রবাসের মাটিতে শুভ্র দেবের অনবদ্য সব বিখ্যাত গানে মুগ্ধ হন দর্শকরা, নস্টালজিয়ায় ফিরে যান অতীতের স্মৃতিতে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, ‘আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি। আমাদের সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিদেশিরাও উপভোগ করেছেন আমাদের এই অনুষ্ঠান।’
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, ‘শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ–উচ্ছ্বাসে উপভোগ করছেন সারাদিনব্যাপী এই অনুষ্ঠান। শীতের এই সময়টায় আমরা বাংলাদেশকে খুব মিস করি। এই আয়োজনের মধ্য দিয়ে কিছুটা সময়ের জন্য হলেও আমরা প্রবাসে ফিরে পেয়েছিলাম লাল–সবুজের বাংলাদেশকে।’
দূর প্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এভাবেই বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম-এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।


