ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম তানজিনা আক্তার (৩০)। তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তানজিনা চিকিৎসকের পরামর্শ নিতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভৈরব যাচ্ছিলেন। পথে আশুগঞ্জ গোলচত্বরে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


