ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে।
এ সময় অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মনববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক।
মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আনিয়া আক্তার বলেন, ‘বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকের হাতে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও মানসিকভাবে নিপীড়ন করার যে পরিবেশ তৈরি হয়েছে, মিমোর অকাল মৃত্যু তারই এক মর্মান্তিক পরিণতি।’
এসময় তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এবং ক্যাম্পাসে নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা বলেন, ‘শিক্ষার্থীদের দাবি আমাদেরও দাবি। এই ঘটনায় বিভাগ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, আমরা তা নিয়েছি। বিষয়টি ভিসি ও প্রো-ভিসিকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সকল দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।’
মানববন্ধনে মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের রাফিউল রকি শিক্ষার্থীদের পক্ষে কিছু দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানির বিষয়ে বিভাগে দ্রুত স্পষ্ট অবস্থান নেওয়া। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন রাখা। সুদীপ চক্রবর্তীকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করারও দাবি জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের ওপর মানসিক-শারীরিক নির্যাতন, ফলাফল ও চাকরির প্রলোভন এবং ভয়ভীতি বন্ধ করা; অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে দ্রুত চাকরিচ্যুত করা।


