রাজধানীতে তরুণীসহ দুইজনের মরদেহ উদ্ধার

রাজধানীতে তরুণীসহ দুইজনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর নিউমার্কেট ও লালবাগ এলাকা থেকে এক তরুণীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন খাদিজা আক্তার (২৩) ও চুন্নু সরদার (৫০)। রোববার দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর হাজীবাড়ি গ্রামের আব্দুল মালেকের মেয়ে খাদিজা আক্তার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের ওয়াজ উদ্দিন টাওয়ারের ১৪-ডি নম্বর ফ্ল্যাটে স্বামী সাকিনের সঙ্গে বসবাস করতেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক দেবাশীষ সূত্রধর সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, প্রায় ছয়-সাত মাস ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন খাদিজা। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ১৯ ফেব্রুয়ারি স্বামী বাসা থেকে চলে যান। শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, বরিশালের মুলাদী উপজেলার বাইলাতলী গ্রামের মৃত আদালুদ্দিনের ছেলে চুন্নু সরদার লালবাগের শহীদনগর ২ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।

লালবাগ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, চুন্নু একটি জুতার কারখানায় কাজ করতেন। রোববার সকালে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ও আর্থিক সংকটজনিত কারণে ঘটনাটি ঘটতে পারে।

দুই ঘটনায় পৃথকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর