ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার দিনগত রাতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহি এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
ঘোষিত বিশ্ববিদ্যালয়ের হল শাখা কমিটিগুলো হলো সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, জহুরুল হক হল, মুহসিন হল, জিয়াউর রহমান হল, অমর একুশে হল কমিটি।
ঘোষিত কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখার আহ্বায়ক করা হয়েছে সাকিবুল হাসান এবং সদস্য সচিব করা হয়েছে মো. আরমানুল ইসলামকে। বিজয় একাত্তর হলে আহ্বায়ক করা হয়েছে আমিনুল ইসলামকে এবং সদস্য সচিব সর্দার তানভীর বিন নজরুলকে।
অমর একুশে হলের আহ্বায়ক হয়েছেন রুবায়েত হাসান রিমন এবং সদস্য সচিব হয়েছেন দিনাত হক। সার্জেন্ট জহুরুল হক হলের আহ্বায়ক হয়েছেন আল মেহরাজ শাহরিয়ার মিথুন এবং সদস্য সচিব নাজিমুদ্দিন সাইফ।
হাজী মুহাম্মদ মুহসীন হলের আহ্বায়ক হয়েছেন সাইদুর রহমান শাহিদ এবং সদস্য সচিব সাঈদ আফ্রিদী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহ্বায়ক হয়েছেন শাহরিয়ার ইয়ামিন এবং সদস্য সচিব মুশফিক হাসান।
সংগঠনটি জানিয়েছে, ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং সাংগঠনিক কার্যক্রম বিস্তারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। নতুন কমিটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


