ঢাকা মেডিকেলের মর্গে কুলার বিকল, ছড়িয়ে পড়ছে লাশের গন্ধ

ঢাকা মেডিকেলের মর্গে কুলার বিকল, ছড়িয়ে পড়ছে লাশের গন্ধ
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

মরদেহ সংরক্ষণ করার কুলার নষ্ট এক সপ্তাহ যাবত। এতে মরদেহ পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। এমন চিত্র ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

যেখানে প্রতিদিন ময়নাতদন্ত হয় অন্তত ৮-১০টি মরদেহের। লাশ যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দেখা দিয়েছে, মরদেহের বিভিন্ন আলামত নষ্টের আশঙ্কা।

সোমবার দুপুরে স্বশরীরে মর্গে গেলে দেখা যায়, কলেজের ফরেনসিক বিভাগের পাশে রাখা বিশেষ মর্চুয়ারী কুলার। যেখানে এক সঙ্গে রাখা যায় ৪০টি মরদেহ। তবে এটি আপাতত বিকল। তাহলে লাশ সংগ্রহের উপায় কি! মর্গের কমপ্লেক্সের ভিতর ঢুকলে দেখা যায়, একটি রুমে ফ্লোরে সারি করে রাখা হয়েছে লাশগুলো। কয়েকটি রাখা হয়েছে লাশ পরিবহনের ট্রলিতে। তবে রুমটিতে নেই কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।

মর্গ সংশ্লিষ্টরা জানান, এর আগে ৫টি ছোট ছোট ফ্রিজারে রাখা হতো লাশগুলো। তবে সেই ফ্রিজারগুলো অকেজো হয়ে পড়ায় কয়েক বছর আগে মর্গে স্থাপন করা হয় এই বিশেষ মর্চুয়ারী কুলার। যেখানে এক সঙ্গে রাখা যায় ৪০টি মৃতদেহ। তবে গত এক সপ্তাহ ধরে কুলারটি পুরোপুরি বিকল হয়ে পড়েছে।

আরও পড়ুন

এই অবস্থায় কীভাবে লাশ সংরক্ষণ করা হচ্ছে জানতে চাইলে তারা বলেন, নিরুপায় হয়ে ফ্লোরে রাখা হচ্ছে লাশগুলো। এভাবে লাশ থেকে বিভিন্ন আলামত নষ্ট হয়ে যেতে পারে বলে জানান তারা। রয়েছে ইঁদুরের আক্রমণের আশঙ্কাও। এছাড়া, লাশের গন্ধে ক্লাস করতে পারছেন না ফরেনসিক বিভাগের শিক্ষার্থীরা।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর লেখা একটি আবেদন পত্রে ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মোখলেছুর রহমান মর্চুয়ারী কুলার অকেজো হয়ে পড়ার বিষয়টি তুলে ধরে লিখেছেন, এটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা অতি জরুরি। ২ জুন বিষয়টি অবগত করা হলেও ৮ জুনও এর কোনো সুরাহা দেখা যায়নি।

বিষয়টি নিয়ে কথা বলতে ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাজহারুল শাহীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad