হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীসেবা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মন্ত্রী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং কর্মরত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


